করোনা থাবায় সংকটজনক অবস্থায় পাকিস্তান

আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৩৮

পাকিস্তানে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । দেশটির বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে, করোনায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আর হাসপাতালে বেড নেই। চিকিৎসকরাও বলছেন হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, ভেন্টিলেটর নেই। আর তাই দেশটিতে করোনা চিকিৎসা করা দু:সাধ্য হয়ে যাচ্ছে।

জানা গেছে, শুধুমাত্র লাহোরেই করোনা আক্রান্ত ৭০ হাজার। লাহোরের একটি হাসপাতালের চিকিৎসক ফারুক সাহিল জানায়, করোনা আক্রান্ত রোগী প্রতিনিয়ত বাড়ছে। আর এই অসংখ্য রোগীদের চিকিৎসার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থাও নেই।  পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায়  ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অনেক স্বাস্থ্য কর্মীরাও করোনা আক্রান্ত হয়ে পড়ছেন।

পাকিস্তানের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশনের চেয়াররম্যান খাইজাপ হায়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সব বেড ভর্তি। প্রয়োজনীয় ভেন্টিলেটরও নেই।

অর্থনীতির কথা মাথায় রেখে সারা দেশে সম্পূর্ণ লকডাউন জারি করেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের করোনা টাস্কফোর্সের প্রধান উমর সোমবার সকালে ঘোষণা করেছে দেশের প্রধান শহর গুলোতে নতুন করে এক হাজার বেড যোগ করা হবে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সরকারি মুখপাত্র লিয়াকত শাহাওয়ানি জানিয়েছেন, পরিস্থিতি গুরুতর। কর্তৃপক্ষ লড়াই চালিয়ে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। মারা গেছেন ২ হাজার ৬৭ জন। 

ইত্তেফাক/এআর