বিনোদন রিপোর্ট
করোনা ভাইরাসের প্রভাবে পুরোবিশ্বের মতো এদেশের শোবিজ অঙ্গনও পুরোপুরি বন্ধ ছিল। নাটক বা সিনেমা সবকিছুর শুটিং বন্ধ রাখা হয় গত ২ মাস। এতে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিকে। আটকে ছিল অনেক শুটিং। তাই সার্বিক বিবেচনা করে সম্প্রতি সিনেমার শুটিং করার অনুমতি দেওয়া হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে তবেই সবাইকে শুটিংয়ে অংশ নিতে বলেছে চলচ্চিত্র সংগঠনগুলো। এরইমধ্যে এফডিসিতে শুরু হয়েছে শুটিং। ঢালিউড তারকা শাকিব খানও আবার শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন। প্রযোজকের কারণে আটকে যায় তার ‘আগুন’ সিনেমাটি। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমাটির বাকি অংশের প্রযোজনা করতে যাচ্ছেন শাকিব নিজেই।
এ বিষয়ে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘ছবিটির বেশিরভাগ অংশেরই শুটিং শেষ। বাকি আছে শুধু গান আর কয়েকটি দৃশ্য। ১৫ দিন শুটিং করলেই হবে। শাকিব কিছুদিন আগে আমাকে ডেকে ছবিটি শেষ করার কথা বলেন। তার আগ্রহেই শুটিংয়ের আয়োজন শুরু করেছি। শাকিব নিজেই ছবির বাকি অংশ প্রযোজনা করবেন। শিগগিরই ক্যামেরা চালু করে ছবির অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবো।’
তবে কবে নাগাদ শুটিং শুরু হবে তা এখনও জানানো হয়নি।
