পাতে মাছ না হলে বাঙালির রসনাতৃপ্ত হয় না। তাই বাঙালির রসুই ঘরে মাছের নানা পদের আয়োজন থাকে নিয়মিত। আর সেরকম মাছের ৪ পদ রেসিপি নিয়ে এবারের আয়োজন
দই চিংড়ি
উপকরণ :চিংড়ি বড় ৪০০ গ্রাম, টক দই ১/২ কাপ, পেঁয়াজ ১/২ কাপ, কাঁচামরিচ ফালি করা ৬/৭টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রণালি :প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে এর মাথার ময়লা ও পিঠের রগ ফেলে পরিষ্কার করে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ অল্প ভেজে নিন। এবার প্যানে চিংড়ি মাছ দিন। খুব অল্প আঁচে পেঁয়াজ ও চিংড়ি ভেজে লালচে করে নিন। কিছুক্ষণ পর কাঁচামরিচ ও দই বাদে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রান্না করুন ৫ মিনিট। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
নলা মাছের ঝাল
উপকরণ :নলা মাছ ৮ টুকরো, টমেটো কিউব করা ২টা, পেঁয়াজ কুচি ১/২ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৪টি, ধনেপাতা কুচি ১ মুঠ, তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালি :মাছ ধুয়ে অল্প লবণ ও হলুদ মেখে তেলে লাল করে ভেজে তুলুন। এবার সেই তেলে পেঁয়াজ লাল করে ভেজে সব মসলা ও অল্প পানি দিয়ে কষিয়ে টমেটো দিন। এবার ১/২ কাপ পানি দিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। তাতে মাছ দিয়ে নেড়ে মিশিয়ে অল্প আঁচে ৫ মিনিট রান্না করে মাখা মাখা হয়ে গেলে উপরে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে ১ মিনিট ঢেকে রাখুন। এবার নামিয়ে পরিবেশন করুন।
ইলিশের কোফতা
উপকরণ :ইলিশ মাছ ১/২ কেজি, সিদ্ধ ছোলা ১/২ কাপ, পাউরুটি ১ পিস, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, ডিম ১টি (ডিমের সাদা ও কুসুম আলাদা করে নিন), লবণ পরিমাণমতো, ভাজার জন্য তেল ১ কাপ।
প্রণালি :প্রথমে মাছ সিদ্ধ করে তার কাঁটা বেছে রাখতে হবে। এবার সিদ্ধ ডাল মাছের সঙ্গে মিশাতে হবে। এবার পাউরুটি হাত দিয়ে গুঁড়া করে তেল ও ডিমের সাদা অংশ বাদে সব উপকরণ একসঙ্গে ভালোমতো মিশিয়ে কোফতা আকৃতিতে গড়ে নিতে হবে। সব রেডি হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ১ ঘণ্টা। তারপর বের করে ডিমের সাদা অংশে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলতে হবে। সব ভাজা হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
আস্ত তেলাপিয়া ভাজা
উপকরণ :আস্ত তেলাপিয়া ১টি, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো
প্রণালি :মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। মাছের দুই পাশই হালকা করে ছুরি দিয়ে চিরে দিন। একটি পাত্রে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, লেবুর রস, টমেটো সস ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পেস্টটি ভালো করে মাছে মাখিয়ে ১/২ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল গরম করে মাছটি তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন।
