মিরপুরের পল্লবীতে ছুরি মেরে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। তার নাম আতিকুল ইসলাম। গতকাল ভোরে পল্লবী থানা এলাকার একটি রিকশার গ্যারেজের ভেতরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় আতিকুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নিহত আতিকুল ইসলামের বাবার নাম ওসমান প্রামাণিক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বলাই শিমলা গ্রামে। আতিকুলের পরিবারের সদস্যরা সিরাজগঞ্জে থাকেন। ঢাকায় রিকশা চালানোর কারণে আতিকুল পল্লবীতে একটি রিকশা গ্যারেজে থাকতেন। গতকাল ভোরে তার সঙ্গে অপর এক রিকশা চালকের কথাকাটাকাটি হয়। এরপর ওই রিকশা চালক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্য রিকশা চালকরা তাকে মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুলের বড় ভাই রাশিদুল জানান, ভোরে তাদের এক পরিচিত ব্যক্তি ফোন করে জানান, ঢাকায় আতিকুলকে ছুরিকাঘাত করা হয়েছে। এই সংবাদ পেয়ে তিনি ঢাকায় এসেছেন। তবে তার ভাইকে তিনি জীবিত পাননি। কারা, কেন তার ভাইকে হত্যা করেছে তা তিনি জানতে পারেননি। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
