সবজিখেতের বেড়ার জালে অজগর!

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:২৮

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় মহিবুল্লাহ হাওলাদার নামের এক গৃহস্থের সবজিখেতের জালে একটি অজগর সাপ আটক হয়েছে। সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামের সবজিখেতের বেড়ার জালে সাপটি আটকা পড়ে।

পরে স্থানীয় কয়েক জন তরুণ মিলে অজগরটি উদ্ধার করে। মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. ফকরউদ্দিন বলেন, অজগর উদ্ধারের বিষয়টি কেউ অবহিত করেনি। তবে অজগরটির আবাসস্থল সুন্দরবন। সুন্দরবন শরণখোলা রেঞ্জকে অবহিত করে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।