করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকার ঘোষণা কিউবার

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩৪

এএফপি

কিউবায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। টানা আট দিন করোনায় আক্রান্ত হয়ে সেখানে কেউ মারা না যাওয়ায় তিনি এ ঘোষণা দিলেন। এর ফলে দেশটিতে জারি করা লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়ার সুযোগ তৈরি হলো।

কিউবার ১ কোটি ১২ লাখ মানুষের মধ্যে মাত্র ২ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হয়। মারা গেছে ৮৩ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬২ জন। দেশটিতে বর্তমানে মাত্র ২৪৪ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। কিউবার প্রেসিডেন্ট বলেন, ‘এ অবস্থায় আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। কারণ মে মাসের ২৮ তারিখ থেকে নতুন সংক্রমণ বেড়েছে। তবে আমরা মহামারি সমাপ্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছি।’ দিয়াজ ক্যানেল বলেন, ‘অবশিষ্ট যেটুকু রয়েছে তা নির্মূলে আমাদের এখন মনোযাগী হতে হবে।’

কিউবার স্কুল ও সীমান্ত এখনো বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ এবং ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা কয়েক দশকের অবরোধে দেশটির ক্ষতিগ্রস্ত অর্থনীতি মূলত পর্যটন ও বহির্বাণিজ্যের ওপর টিকে আছে। তাই দীর্ঘ লকডাউন চালিয়ে যাওয়া দেশটির জন্য কষ্টকর। ইতোমধ্যে লকডাউনের কারণে কিউবায় খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং লাখ লাখ লোক দুর্ভোগে পড়েছে।