এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর সকলের জন্য উন্মুক্ত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৫১

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘর। শুক্রবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি। সোসাইটির সম্মানিত সদস্যদের পরিদর্শনের জন্য আগামীকাল ৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে ২টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার নবাবদের স্মৃতি বিজড়িত নিমতলী প্রাসাদ- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী স্থাপনাকে সংরক্ষণ করে তাতে ১৭০০ থেকে ১৯০০ শতাব্দীর সময়কালের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জাদুঘর স্থাপন করা হয়েছে। এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে জাদুঘরে রূপান্তরের পাশাপাশি একে একটি শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। জাদুঘরটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জ্ঞানচর্চা ও গবেষণার অন্যতম কেন্দ্র। উপরন্তু এটিকে শিক্ষা ও বহুমুখী গবেষণা ও পর্যটকদের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সর্বোপরি সাধারণ ঐতিহ্য পিয়াসী নাগরিক, দর্শক, ঢাকা প্রেমিক, গবেষক ও ভবিষ্যত্ প্রজন্মের নিকট অতীত ঐতিহ্য তুলে ধরা এই জাদুঘরের অন্যতম মূল উদ্দেশ্য। জাদুঘর পরিদর্শনের জন্য দর্শকদের প্রবেশ মূল্য ২০/- টাকা এবং ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ১০/- টাকা। বিদেশি দর্শকদের জন্য ২০০/- টাকা।