চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে বাক্প্রতিবন্ধী এক কিশোরী এক বৃদ্ধ কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছে। জানা যায়, গত শনিবার ঐ কিশোরী বাড়িতে একা ছিল। এ সময় পাশের বাড়ির ময়লাল হোসেন (৬০) ঐ বাড়িতে গিয়ে মেয়েটির শ্লীলতাহানি করেন।
সূত্র জানায়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মহসিন আলী রাতেই সালিশ বসান। মীমাংসার কথা বলে ময়লালের কাছ থেকে ৫০ হাজার টাকাও নিয়েছেন তিনি। গতকাল সোমবার এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলেও শ্লীলতাহানির শিকার মেয়ে ও তার মাকে পাওয়া যায়নি। তারা কোথায় গেছেন কেউ বলতে পারেননি। ঐ গ্রামের বাসিন্দা হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার জানান, ‘ঘটনা সত্য। মা ও মেয়েকে পেলেই অইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন জানান, ‘কথিত সালিশকারক স্থানীয় ইউপি সদস্য মহসিন আলী মোবাইল ফোনে জানান, আমি খোঁজ নিয়ে সন্ধ্যায় আপনার সঙ্গে কথা বলব।’ চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, ‘কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
