এই সময়ের ছড়া
মাকিদ হায়দার
গায়ের জোরে যায় না লেখা
গল্প কিংবা গদ্য,
সেদিন আমি ঘুমের ঘোরে
লিখেছিলাম পদ্য।
বিষয় ছিল মশক নিয়ে—
ঠিক তখুনি বাজল বাঁশি
মধ্যরাতের নাইটগার্ডের;
ধড়ফড়িয়ে ভাঙল ঘুম—
তখন শুনি মশার হাসি।
অন্ত্যমিলে ছড়া লেখা কঠিন ভীষণ কাজ
তবু আমায় লিখতে হলো সদ্য—
সবুজ কাকুর ধমক খেয়ে লিখছি ছড়া
গতকল্য এবং অদ্য।
