চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিত্সক দল ঢাকায়

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:০১

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও চিকিত্সায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিত্সক দল গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছেছে। আগামী ২২ জুন পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের চিকিত্সক দলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এর মাধ্যমে বাংলাদেশের চিকিত্সকেরা উত্সাহ পাবেন। রোগীরাও সাহস পাবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের করোনা মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা বিষয়েও বিশেষ আগ্রহ নিয়ে কাজ করছে। আশা করি চীনের সহায়তা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’ ড. মোমেন বলেন, ‘চীনের বিশেষজ্ঞ চিকিত্সক দলটি আমাদের চিকিত্সকদের সঙ্গে বৈঠক করবে, বিভিন্ন হাসপাতাল পরিদর্শন এবং প্রয়োজনে চিকিত্সার বিষয়ে সুপারিশ করবে।’ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চীন করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে। করোনা রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যান্য দেশও চীনকে অনুসরণ করছে।

এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহপিরিচালক এফ এম বোরহান উদ্দীন প্রমুখ।