সংকটে এটি হবে মড়ার ওপর খাঁড়ার ঘা

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৪৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে, আজ দেশের এই দুর্দিনে তাদের ছাঁটাই না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মানবিক সংকটে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এই সময়ে মড়ার ওপর খাঁড়ার ঘার মতো। আমি বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা থেকে আপনারা সহমর্মী-সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন তিনি। কারখানা মালিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে। আজ দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমি কারখানা মালিকদের প্রতি নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে শ্রমিক-মালিক প্রতিনিধিরা ও মন্ত্রণালয় এই ব্যাপারে বাস্তবসম্মত মানবিক সিদ্ধান্ত নেবেন এটাই আশা করি। গণপরিবহনে                 অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের সচেতন হবার আহ্বান জানাচ্ছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাড়তি ভাড়া দেবেন না। পাশাপাশি মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বাড়তি ভাড়া নেবেন না। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এটাই আশা করি।

দেশবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় শেখ হাসিনার সরকার জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। সংক্রমিত প্রবণ এলাকা চিহ্নিত করে শিগিগরই কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি জনগণকে ধৈর্যের সঙ্গে সরকারের সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। আর উদাসিনতা নয়, ক্ষণিকের অবহেলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরো ভয়ংকর হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মানুষকে সচেতন করার আহ্বানও জানান তিনি।