ডা. ফেরদৌসের মাস্ক ও গ্লাভসের আট সুটকেসের ট্যাক্স দিতে হবে

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৪৭

করোনা চিকিত্সা করতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা ডা. ফেরদৌস খন্দকারের আটটি সুটকেস আটকে দিয়েছে কাস্টমস। ট্যাক্স না দিলে এগুলো ছাড়া হবে না বলে বিমানবন্দর থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার এক ফেসবুক লাইভে ডা. ফেরদৌস বলেন, এই সুটকেসগুলোতে মাস্ক, গ্লাভস ও পিপিই আছে। বাংলাদেশে যারা সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তাদের দেওয়ার জন্যই তিনি এগুলো এনেছেন। 

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি আটটি সুটকেস নিয়ে এসেছিলাম। বেশকিছু মাস্ক, গ্লাভস, পিপিই ইত্যাদি     সামগ্রী ডাক্তার-নার্সদের দেব বলে। কিন্তু এয়ারপোর্টে আটকে দিল। ট্যাক্স নাকি দিতে হবে। রেখেই দিল। আনতে পারিনি। আপনাদের কেউ যদি থাকেন ছাড়াতে পারবেন। ছাড়িয়ে নিয়ে যান। ফ্রন্টলাইনের যে কাউকে দিতে পারেন। আমার কোনো দাবি নেই, আমি এসেছি আপনাদের পাশে, আমি কাজটুকু করতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ পারেন ছাড়িয়ে যে কোনো একটি হাসপাতালে দিয়ে দিতে পারেন।’

বাংলাদেশে ফেরার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকারকে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে রবিবার বিকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে থাকতে তার করোনা শনাক্তের অ্যান্টিবডি টেস্ট করা হয়। এর ফলাফল পজিটিভ এসেছিল। এখন করোনা না থাকলেও যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন তাই তাকে ব্র্যাক সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।