প্রভাষক ও দুই স্কুলছাত্রসহ বিভিন্ন স্থানে সড়কে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর আদাবর থানাধীন শিয়া মসজিদের সামনের রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের চাপায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এছাড়া ধানমন্ডির ৮/এ রোড সংযোগস্থলে সাতমসজিদ রোডে একটি রিকশাকে পিছন থেকে বাস ধাক্কা দিলে আব্দুর রহিম নামে রিকশাযাত্রী নিহত হন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে প্রাইভেটকারের চাপায় মাহমুদুল হক (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদুল নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী গ্রামের শরীফ মিয়ার ছেলে এবং দাইরাদী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-নীলগঞ্জ সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার পটুয়াকান্দি নামক স্থানে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় নীলগঞ্জ হাজী মোমতাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম (৩০) নিহত হন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারেরঘাট বাজার এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী বাজারে গতকাল ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমির ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রোলারচালক।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার বুলনপুর এলাকায় গতকাল ট্রাক চাপায় আব্দুল লতিফ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
মাদারগঞ্জ (জামালপুর) : মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে মোটরসাইকেল চালক মিনহাজ (৩৭) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল সরিষাবাড়ী সড়কে গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিনহাজ গুনারীতলা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। মাদারগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে অফিস সহকারী।
ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় পাকশী খানকা শরীফের রাস্তায় বালুবোঝাই ট্রাক্টর চাপায় স্কুলছাত্র ওবায়দুল্লাহ (১২) ও ঈশ্বরদী-লালপুর সড়কে গোকুলনগরের চক্ষু হাসপাতালের সামনে অটোরিকশাচালক আফজাল হোসেন (৬০) নিহত হয়েছেন। ওবায়দুল্লাহর বাবা আফাজ উদ্দিন গুরুত্বর আহত হন।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): হরিণাকুণ্ডুর লক্ষিপুর এলাকায় সড়কে গতকাল আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মিঠুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
লালমোহন (ভোলা) : লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল চন্দ্র মজুমদার (৩০) ও জাকির হোসেন (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন। গতকাল ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আলম বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা এবং তিনি ভাড়ায়চালিত হোন্ডাচালক। অপরদিকে জাকির হোসেন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বাসিন্দা।
