রাষ্ট্রীয় মর্যাদায় শাহান আরা বেগমের দাফন

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৫৫

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা শাহান আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। রাতেই হাসপাতাল চত্বরে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

রবিবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইত্তেফাককে বলেন, দুই দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তার হার্টের সমস্যার পাশাপাশি ডায়াবেটিসও ছিল। কিন্তু রবিবার দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

গতকাল সোমবার সকাল ৮টায় বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হয়। দাফনের আগে মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। জানাজার নামাজে আবুল হাসানাত আবদুল্লাহসহ তিন ছেলে সেরনিয়াবাত সাদিক                 আবদুল্লাহ, মঈন আবদুল্লাহ, আশিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আত্মীয়স্বজন অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছাড়াও এক জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ চার দিনের শোক পালন করবে। এ সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ, কোরআন খতমসহ নানান কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই কালরাতে একই ঘটনায় আরো দুইটি পরিবারের ওপর নেমে এসেছিল নিষ্ঠুর-নির্মম-নৃশংসতা। এর অন্যতম হলো বঙ্গবন্ধুর বোন আমেনা বেগম ও তার স্বামী তত্কালীন পানিসম্পদ ও কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের পরিবার এবং অপরটি হচ্ছে— যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির পরিবার। সেদিন সেরনিয়াবাতের বাড়িতে নৃশংসতার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তার বড়ো পুত্রবধূ শাহান আরা বেগম। যিনি শরীরে চারটি গুলি লাগার পরেও বেঁচে গিয়েছিলেন, তিনি আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিণী শাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  আরো শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

জেপির শোক

শাহান আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মিণী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্ল­াহর মাতা বিশিষ্ট নারী নেত্রী শাহান আরা আব্দুল্ল­াহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সোমবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, শাহান আরা আব্দুল্ল­াহ ছিলেন এক জন দক্ষ রাজনীতিবিদ এবং সমাজসেবক। ছিলেন এক জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিভিন্ন মহলের শোক

এছাড়া শাহান আরা বেগমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ও মরহুমার কবর জেয়ারত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম। এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, জাতীয় পার্টি (এ) যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, বরিশাল বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, অমৃত লাল দে অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, শব্দাবলী গ্রুপ থিয়েটার, ন্যাশনাল ডেইলিজ ব্যুরোচিফ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।