৪৪ বছর ধরে নিয়মিত ইত্তেফাক পড়ছেন কুমিল্লার মনির শেখ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

১৯৭৬ সাল থেকে অদ্যাবধি আস্থার সাথে নিয়মিত দৈনিক ইত্তেফাক পড়ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের দুর্গাপুর গ্রামের মরহুম জব্বার আলীর পুত্র আলহাজ মো. মনির হোসেন শেখ। বিগত দিনে ঝড়-বৃষ্টি কিংবা হরতাল-অবরোধের কারণে কোনোদিন যদি ইত্তেফাক হাতে না পেতেন, তখন তার খুব খারাপ লাগতো।

বর্তমানে তার বয়স ৬৭ বছর। ২ ছেলে ও ৩ মেয়ের পিতা মনির শেখ জাঙ্গালিয়া এলাকার একজন সফল ব্যবসায়ী। তিনি ইত্তেফাক-এর  প্রথম ও শেষের পাতার সংবাদ শিরোনামের প্রশংসা করেন। ইত্তেফাকের কোনো খবরই বিশ্বাসযোগ্যতা আজো হারায়নি। নিজ মহিমায় ইত্তেফাক দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য তাদের ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। তিনি সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়, মতামত পাতার নানা বিষয় এখনো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন মন দিয়ে।

তিনি আরও বলেন, তিনি যখন থেকে ইত্তেফাক নিয়মিত রাখতেন তখন তার প্রতিবেশী ও এলাকার সরকারি-বেসরকারি চাকরি প্রত্যাশীরা নিয়মিত তার কাছ থেকে ইত্তেফাকে প্রকাশিত বিভিন্ন চাকরির বিজ্ঞাপন সংগ্রহ করে সেখানে আবেদন করে এলাকার অনেকেই আজ চাকরি করছেন। এটিও একটি ভালো লাগার বিষয় তার। তিনি আমৃত্যু ইত্তেফাক পড়ার আশা প্রকাশ করেন এবং ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।