খাগড়াছড়ি জেলার দুর্গম লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার রাইন্ন্যামাছড়া নামক এলাকা থেকে গুইমারা সেনা রিজিয়নের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো লক্ষীছড়ির রাইন্ন্যামাছড়ার বিজয় কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমা(২০) ও একই এলাকার রাদিমোহন চাকমার ছেলে দিপঙ্কর চাকমা(২২)। জানা যায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রসিত গ্রুপ মনোনীত স্বতন্ত্র প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করতে ব্যর্থ হয়ে তারা অত্যন্ত আশাহত হয়। ফলে নির্বাচন পরবর্তী সহিংসতা পরিকল্পনা করে তারা। সংবাদপ্রাপ্তির পর, গুইমারা সেনা রিজিয়নের অধীনস্ত লক্ষ্মীছড়ি সেনা জোন হতে একটি টহল দল উপজেলার রাইন্ন্যামাছড়া নামক এলাকা থেকে এই দুইজনকে আটক করে। এসময় অপর দুইজন সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ঢালুতে লাফ দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি M4A1(এমফোরএওয়ান) অস্ত্র, ১টি ম্যাগজিন, ৫৩ রাউন্ড তাজা গুলি, ১টি পোচ, ১টি সিলিং, ১টি দা, ২টি অবৈধ চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
