বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফার ধারাবাহিকতায়ই বাংলাদেশের স্বাধীনতা এসেছে :তোফায়েল

আপডেট : ০৯ জুন ২০২০, ০০:৩৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফার ধারাবাহিকতায়ই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তিনি বলেন, ‘আমাদের সূচনা বিন্দু ছিল ছয় দফা। অর্থাত্ ছয় দফার সাঁকো পেরিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি।’ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে রবিবার রাতে ‘৬ দফা থেকে স্বাধীনতা: তরুণদের সঙ্গে রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের ওয়েবিনার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানটি আওয়ামী লীগের ওয়েব সিবিআর থেকে ইন্টারনেটে সম্প্রচার করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুভাষ সিংহ রায়।

অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন ছয় দফাকে বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত অংশ নেন।