‘লকডাউনে ছয় দেশে ৫০ কোটি মানুষের সংক্রমণ থেকে রক্ষা’

আপডেট : ০৯ জুন ২০২০, ০০:৫৬

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, বিশ্বের ছয়টি দেশে লকডাউন জারি কারণে অন্তত ৫০ কোটি মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে, ১১ টি দেশে লকডাউন দিয়ে অন্তত ৩০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। ভারতের মহারাষ্ট্রে রাজ্যই করোনা রোগীর নিরিখে চীনকে ছাড়িয়ে গেছে। নিউ ইয়র্কেও নিষেধাজ্ঞা শিথিল করা শুরু হয়েছে।

৫০ কোটি মানুষের করোনা সংক্রমণ থেকে রক্ষা

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ও গ্লোবাল পলিসি ল্যাবরেটরির পরিচালক সলোমন হেসিয়াংয়ের নেতৃত্বে চলা গবেষণায় দেখা গেছে, চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে দ্রুত লকডাউন দেওয়ার কারণে অন্তত ৫০ কোটি মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আছে ৬ কোটি মানুষ। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষণায় দেখা গেছে, ইউরোপের ১১ টি দেশে লকডাউ দিয়ে অন্তত ৩০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবি­উএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস গতকাল অনলাইন ব্রিফিংয়ে করোনা মোকাবিলায় হাল না ছেড়ে দিয়ে সব দেশের সরকারকে ব্যবস্থা নেওযার আহ্বান জানিয়েছেন।

এক রাজ্যই আক্রান্তে চীনকে অতিক্রম

ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে প্রায় ৮৬ হাজার রোগী পাওয়া গেছে। চীনে মোট রোগী পাওয়া গেছিল ৮৪ হাজার ১৯১ জন। শুধু মুম্বাইয়েই রোগীর ৪৮ হাজার ৭৭৪ জন। মুম্বাইয়ের হাসপাতালগুলোতে বেহাল দশা। মহারাষ্ট্রে মারা গেছে প্রায় তিন হাজার মানুষ। বিশ্বে করোনা ভাইরাস শনাক্তের দিক থেকে ভারত এখন পাঁচ নম্বর, দেশটিতে সাত হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আড়াই লাখের বেশি আক্রান্ত। কেজরিওয়াল করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আইসোলেশনে গেছেন। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর গতকাল থেকে ভারতে ধর্মীয় উপাসনালয়, হোটেল, শপিং মল ও রেস্তোরাঁগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কে লকডাউন শিথিলের প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ৬৯১ জন। গেল এক সপ্তাহে এটাই মৃতের সর্বনিম্ন সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার। প্রায় ২ মিলিয়ন রোগী শনাক্ত। সবচেয়ে বড়ো ধাক্কা গেছে যে নিউ ইয়র্ক নগরীর ওপর দিয়ে, সেখানে স্থানীয় সময় সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে। নির্মাণ খাত, উত্পাদন এবং রিটেইল খাতের প্রায় চার লাখ কর্মী কাজে ফিরতে পারবেন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার মানুষের। নিউ ইয়র্কের গভর্নর লক ডাউন শিথিলের আগে গতকাল এক টুইটে বলেন, ‘নিউ ইয়র্ক নগরী আজ খুলছে, আজ এক নতুন দিনের শুরু’। প্যারিসের নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ ক্যাফে এবং পানশালাগুলো খুলেছে।

পাকিস্তানে টানা দ্বিতীয় দিনে রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী এবং বর্তমান রেলমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জুলাইয়ের শেষে এবং আগষ্টে করোনা চূড়ান্ত রূপ নিতে পারে। -বিবিসি