জয়পুরহাটে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি আসনে অংশগ্রহণকারী ১০ জনের মধ্যে ৭ জন প্রার্থী প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় তাদের  জামানত বাজেয়াপ্ত হয়েছে।  জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জয়পুরহাট-১ আসনে ও ২ আসনে ৫ জন করে প্রার্থী মোট ১০জন অংশগ্রহণ করেন।  জয়পুরহাট-১ আসনে অংশগ্রহণকারী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আ  স ম মুক্তাদির তিতাস পান ১ হাজার ৮২৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেওয়ান জহুরুল ইসলাম পান ৪ হাজার ২৪৬ ভোট  ও বাসদের অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ পান ৫০৭ ভোট।

অপরদিকে, জয়পুরহাট-২ আসনে ৫ জনের মধ্যে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরমধ্যে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান পান ২৬ হাজার ১২০ ভোট, জাতীয় পার্টির কাজী মোঃ আবুল কাশেম পান ৫৪৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল বাকী পান ১ হাজার ৬৮৩ ভোট ও বাংলাদেশে বিল্পবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী পান ৫৪৪ ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি আসনের জন্য মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত  হওয়ার বিধান রয়েছে। ফলে ওই চারজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।