সরিষাবাড়ীতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০৩

সরিষাবাড়ীতে নিহত ইউসুফের লাশ সামনে রেখে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিক্ষুব্ধ নারী-পুরুষরা। গতকাল মঙ্গলবার উপজেলার তারাকান্দি-ভূয়াপুর সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসীসহ ৬ সহাস্রাধিক নারী-পুরুষ নিহতের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এ সময় তারাকান্দি-ভূয়াপুর সড়কে ৪ ঘণ্টা কোনো যানবাহন চলাচল করতে পারেনি।

পুলিশ ও নিহতের পরিবারসূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ছেলে জাহিদুর রহমান জাহিদকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত বছরের ৩১ মে নরপাড়া জামে মসজিদে নামাজের ওজু করার সময় একই গ্রামের তোফাজ্জল হোসেনের লোকজন কুপিয়ে হত্যা করে। ওই হত্যা মামলার আসামিরা জামিনে এসে গত ২৮ ডিসেম্বর আবারও নিহতের জেঠাত ভাই ইউসুফকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ৩১ ডিসেম্বর রাতে আহত ইউসুফ মারা যায়।

এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী আসনের নৌকার নব নির্বাচিত এমপি ডা. মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ সমাবেশস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। পরে ওই সড়কের ওপর নিহত ইউসুফ আলীর নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।