নোয়াখালী-২ আসন

৪৫ বছর পর প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগের এমপি নির্বাচিত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০৩

দীর্ঘ ৪৫ বছর পর জনগণের প্রত্যক্ষ ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এবার এমপি নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম। ১০৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট। আর ত্াঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এ আসন থেকে পাঁচবারের সাবেক এমপি, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদিন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট। দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে আসনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করায় এখানকার দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত। এর আগে ১৯৭৩ সালে এ আসনে শ্রমিক নেতা আওয়ামী লীগের আবদুর রহমান একবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর এ আসনে আওয়ামী লীগের আর কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হননি। তবে এ আসনে এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলন।