স্পেন সেজেছে ফুটবলের রংয়ে

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১০

স্পেনে আরো বহু বিখ্যাত ডার্বির চল। মাদ্রিদ ডার্বি, কাতালান ডার্বি এমনকি বাস্ক ডার্বিও এরচেয়ে ঢের বেশি উত্তাপ ছড়ায়। কিন্তু এবারের সেভিল ডার্বি বা ‘এল গ্রান দার্বি’র আবেদনটাই ভিন্ন। আগামীকাল রিয়াল বেতিস আর সেভিয়ার মধ্যকার ম্যাচটা দিয়েই যে তিন মাসের অচলাবস্থা ভাঙছে লা লিগা!

একে বরণ করে নিতে তাই স্পেনেও তাই ভিন্ন আয়োজন। রাস্তায় রাস্তায় জার্সিসদৃশ ব্যানারের ছড়াছড়ি। সেভিয়ার নগরকেন্দ্র কাইয়ে তেতুয়ানও সেজেছে তেমন ভাবেই। রাস্তার ওপর চার সারিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে লা লিগা দলগুলোর জার্সি, মাঝের দুটোতে সেভিয়া আর বেতিসের জার্সির স্থান। কাল বিশেষ এক ডার্বি বলে কথা!

অথচ মাস দেড়েক আগে এ দৃশ্য রীতিমতো অকল্পনীয়ই ছিল। করোনার প্রকোপে স্পেন তখন ন্যুব্জমান। তারপর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে দেশটি। করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, লকডাউন উঠেছে। এর ফলেই তো লা লিগা পেয়েছে আগামীকাল থেকে ফেরার অনুমতি!

লা লিগা কর্তৃপক্ষও উপলক্ষ্যটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখছে না। তাদের নির্ধারিত ‘জিততেই ফিরছি’ স্লোগানটা এখন ফিরছে স্পেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবমিলিয়ে পরিবেশটা বেশ উত্সবমুখর।

তবে উত্সব ছাপিয়ে দুজনের জন্য উপলক্ষ্যটা হয়ে দাঁড়িয়েছে বেশ ভীতিরও। সেভিয়া কোচ হুলেন লোপেতেগুই আর বেতিস কোচ রুবির জন্য এ যে এক অগ্নিপরীক্ষা!

গেল জানুয়ারিতে তৃতীয় বিভাগের দল মিরান্দেসের কাছে কোপা দেল রেতে হেরেই মূলত সাবেক স্পেন কোচ লোপেতেগুইয়ের দুর্দশার শুরু। এরপর অবনমন অঞ্চলের দল এস্পানিয়ল, আলাভেসের সঙ্গে ড্র আর সেল্টা ভিগোর কাছে হারে নড়বড়েই হয়ে যায় তার জায়গা। তবে ফুটবল স্থগিত হওয়ার ঠিক আগে গেতাফেকে হারানো আর ইউরোপায় ক্লুজের বিপক্ষে অ্যাওয়ে গোল নিয়ে জয় দিয়ে পরিস্থিতি সামলান লোপেতেগুই।

বেতিসের দৃশ্যটাও প্রায় একই। লকডাউনের ঠিক আগে রিয়ালকে হারায় তারা। তবে তার আগে টানা ছয় সপ্তাহ কোনো জয় ছিল না দলটির।

দুই কোচের সামনে লক্ষ্য ভিন্ন। তৃতীয় স্থানে থাকা সেভিয়া নিশ্চিত করতে চায় চ্যামিপয়ন্স লিগ আর ১২-তে থাকা বেতিসের সামনে নিদেনপক্ষে ইউরোপা বাছাই নিশ্চিত করার চ্যালেঞ্জ।

তবে কোচদের সামনে চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। ঠাসবুনটের সূচি, খেলোয়াড়দের স্বাস্থ্য আর পাঁচ বদলির নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষাটাও থাকবে তাদের।