পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনুস

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১০

কোচিংয়ে আগ্রহী তিনি আগে থেকেই। এবার ইউনুস খান যুত্সই একটা দায়িত্বও পেলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ইংল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে। গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা আসে।

৪২ বছর বয়সি ইউনিস খান পাকিস্তানের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্টে ৫২ গড়ে ১০,০৯৯ রান করেন। আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সফরে ইউনুস খানকে নিয়োগ দিতে পেরে আনন্দিত পিসিবি।

সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমি অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পাকিস্তানের হয়ে অসাধারণ ব্যাটিং রেকর্ডের মালিক ইউনুস খান জাতীয় দলের ব্যাটিং কোচ হতে রাজি হয়েছেন ও দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে যখন ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন তিনি এটিকে অত্যন্ত উত্সাহের সঙ্গে গ্রহণ করেছেন। ইংলিশ কন্ডিশনে সফল ইউনিসের জন্য এই অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই অনেক বড়ো সুযোগ।’