কুবিতে স্নাতক প্রথমবর্ষের
শিক্ষা কার্যক্রম শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ১জানুয়ারি-২০১৯, গতকাল মঙ্গলবার থেকে। বছরের প্রথম দিন থেকেই শুরু হল বিশ্ববিদ্যালয়ের নবীন ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, গত সোমবার থেকেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পরবর্তী দিন হওয়ায় অনেকেই উপস্থিত থাকতে পারবেন না। তাই মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।
জেএমবি সদস্য গ্রেফতার
রংপুর অফিস লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন লালমনিরহাট-বুড়িমারী সড়কের সরোয়া বাজার এলাকা থেকে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। সোমবার মো. শফিকুল ইসলাম আলাল নামের ওই জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। রংপুর র্যাব ১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গি জানায় যে, সে প্রায় ৪/৫ বছর ধরে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে সে নিয়মিত অংশগ্রহণ করতো। জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা প্রদান, চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা সে স্বীকার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারীতে ট্রেনের ধাক্কায়
ট্রলি চালকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় আজিজুল ইসলাম নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। সদরের দারোয়ানী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের শাহাপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজিজুল ইসলাম ট্রলিতে করে খড় নিয়ে রেললাইন পার হওয়ার সময় আন্তঃনগর রূপসা ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সেখানে কোনো রেলগেট ছিল না। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসেনপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে সোমবার রাতের অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার জগদল বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাজারের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, নান্দাইল ফায়ার সার্ভিস ও গফরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনান্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জগদল বাজারের ব্যবসায়ী সলিমউদ্দিন ও সুজন জানান, ডেকোরেটর, মনোহারী, কাপড়সহ ১৬টি দোকানের ঘর ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
