দক্ষিণ কোরিয়ার সঙ্গে মঙ্গলবার থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সীমান্তে পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা জানানো হয়েছে।
২০১৮ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে তিন দফা বৈঠক সত্ত্বেও দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক স্থবির হয়ে পড়ল। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, ‘পিয়ংইয়ং উত্তর ও দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের যোগাযোগ লাইন কেটে ফেলবে, যার মাধ্যমে উত্তর ও দক্ষিণের যৌথ অফিস থেকে এই যোগাযোগ রক্ষা করা হতো। পাশাপাশি অন্যান্য যোগাযোগ লাইন ৯ তারিখ থেকে বিচ্ছিন্ন করার কথা। এই সংযোগ লাইনের মধ্যে রয়েছে, উভয় দিকে সামরিক বাহিনীর মধ্যে পূর্ব ও পশ্চিম সমুদ্রের যোগাযোগ লাইন, আন্তঃকোরীয় ট্রায়াল কমিউনিকেশন লাইন এবং ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া সেন্ট্রাল কমিটি ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের ব্লু হাউসের সঙ্গে যোগাযোগের হটলাইন।
গত সপ্তাহে উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে যোগাযোগের লিঁয়াজো অফিস বন্ধ করার এবং সিউল ক্ষতিগ্রস্ত হয় এমন আরো পদক্ষেপ গ্রহণের হুমকি দেয়। সেই সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং হুমকি দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া লিফলেট পাঠানো বন্ধ না করলে তারা দক্ষিণের সঙ্গে সম্পাদিত সামরিক চুক্তিটিও বাতিল করবে।
