প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পাঁচ বছর ধরে এই মহাকাশযান তৈরি করা হয়েছে। মনুষ্যবিহীন এই মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে ‘আমাল’ যার অর্থ ‘আশা’।
মঙ্গলগ্রহের এক বছর হয় ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলের কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস। চারদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের এই গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আমাল। জাপানি রকেট দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের ‘সেন্সর’ থাকবে। যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা। মহাকাশযানটিতে খুব শক্তিশালী একটি ‘মাল্টিব্যান্ড’ ক্যামেরা থাকবে, যা যে কোনো সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম।
এই প্রকল্পের পরিচালক সারাহ আল আমিরি এক সংবাদ সম্মেলনে জানান, দেশটির তরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন ‘স্পেস ইঞ্জিনিয়ারিং’ পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে। আগামী ১৪ জুলাই জাপানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দ্বীপ তানেগাশিমা থেকে মহাকাশযানটি উেক্ষপণ করার কথা রয়েছে। করোনা ভাইরাসের কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৗশলীরা কোয়ারেন্টাইনে থাকায় এই যাত্রা ইতিমধ্যেই একবার পিছিয়েছে।
