চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় বখাটে কর্তৃক নারী ক্রিকেটারকে যৌন হয়রানি ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৭ জুন বিভিন্ন দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানতে পারলাম, চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা এলাকায় বখাটে কর্তৃক বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সদস্য নারী ক্রিকেটারকে যৌন হয়রানি ও মারধরের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ৬ জুন সাইকেল চালিয়ে ঐ নারী ক্রিকেটার গ্রামের বাড়িতে ফেরার সময় মাখালডাঙ্গায় পৌঁছালে তিন বখাটে—শাওন হোসেন, ইউনুস আলী ও আব্দুর রহিম তাকে হয়রানি করলে সে প্রতিবাদ করায় তিন জন মিলে তাকে মারধর করে। এ সময় মাখালডাঙ্গা গ্রামের তিন যুবক মেয়েটিকে হয়রানি ও মারধরের প্রতিবাদ করলে বখাটেরাসহ শাওন হোসেনের বাবা মহিদুল ইসলামও প্রতিবাদকারী যুবকদের লাঠি দিয়ে মারধর করে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।
