বাড়ছে কর অবকাশ সুবিধার আওতা

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৩০

বিনিয়োগ বাড়াতে কর অবকাশ সুবিধার আওতা বাড়াতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাজেটে নতুন ছয়টি খাতে কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিবন্ধনের করের হারও বাড়তে যাচ্ছে।

বর্তমানে বেশ কয়েকটি খাতে কর অবকাশ সুবিধা রয়েছে। বাজেট-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে তথ্যপ্রযুক্তি, বিশেষত চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মাথায় রেখে এসংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দেওয়ার চিন্তা করা হচ্ছে। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক ও ন্যানো টেকনোলজি সংক্রান্ত খাতে বিনিয়োগের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দেওয়ার ঘোষণা আসতে পারে। এছাড়া অ্যাভিয়েশন শিল্প, বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরি, উচ্চমূল্যের গার্মেন্টস পণ্য তৈরির লক্ষ্যে ম্যান মেড ফাইবার ও অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হতে পারে।

বর্তমানে গভীর সমুদ্রবন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইপিজেড, ফ্লাইওভার, গ্যাস পাইপলাইন, হাইটেক পার্ক, আইসিটি ভিলেজ, আইটি পার্ক, বৃহত্ আকারের পানি শোধনাগার, এলএনজি টার্মিনাল, মনো রেল, রেপিড ট্রানজিট,  নবায়নযোগ্য শক্তি, সমুদ্র বা নদীবন্দর, টোল সড়ক ও সেতু, পাতাল রেল, বর্জ্য শোধনাগার খাতের মতো ভৌত অবকাঠামো খাতে বিনিয়োগে কর অবকাশ সুবিধা রয়েছে। এর বাইরেও আরো বেশ কিছু খাতে বিভিন্ন মেয়াদে কর অবকাশ সুবিধা রয়েছে। কর অবকাশ সুবিধা হলো বিনিয়োগের পর একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ঐ প্রতিষ্ঠানের কাছ থেকে কর আদায় না করা কিংবা স্বল্প হারে কর আদায় করা।

এছাড়া বাজেটে ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের করহার বাড়াতে যাচ্ছে সরকার। এই করহার ৬০ থেকে ৭০ শতাংশ বাড়তে পারে বলে বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যেসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ১৫০০ সিসির নিচে, এমন গাড়ির নিবন্ধন ফি বিদ্যমান ১৫ হাজার টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব আসতে পারে। এছাড়া ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির নিবন্ধন ফি ৩০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৫০ হাজার টাকা। ২০০০ থেকে ২৫০০ সিসির ক্ষেত্রে ৫০ হাজার টাকার স্থলে ৭৫ হাজার, ২৫০০ থেকে ৩০০০ সিসি ৭৫ হাজার টাকার স্থলে ১ লাখ ২৫ হাজার, ৩০০০ থেকে ৩৫০০ সিসি ১ লাখ টাকার স্থলে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৩৫০০ সিসির ওপরে গাড়ির ক্ষেত্রে নিবন্ধন ফি ১ লাখ ২৫ হাজার টাকার স্থলে হতে পারে ২ লাখ টাকা। মাইক্রোবাসের ক্ষেত্রে এই কর ২০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৩০ হাজার টাকা। আগামীকাল বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাব পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দিতে পারেন বলে সূত্র জানিয়েছে। প্রতি বছর গাড়ির নিবন্ধন বা পুনর্নিবন্ধন নেওয়ার সময় অগ্রিম আয়কর হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে এই টাকা পরিশোধ করতে হয়। অবশ্য ব্যক্তি করদাতার ক্ষেত্রে পরবর্তী সময়ে আয়কর রিটার্ন দাখিলের সময় এই কর সমন্বয় করার সুযোগ রয়েছে।