আসছে বর্ষা

নৌকা তৈরি-মেরামতে ব্যস্ত বেড়ার কারিগররা

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৩৯

বর্ষা মৌসুম না আসলেও পাবনার বেড়ার পদ্মা-যমুনা ও হুরাসাগরে গত কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও বৃষ্টিতে ব্যাপক পরিমাণে পানি বাড়ছে। যমুনা নদীর তিনটি পয়েন্টে এখনো চলছে ভাঙন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার নৌকা মালিকরা নতুন নৌকা তৈরি ও পুরাতন নৌকা মেরামতের কাজ শুরু করায় স্থানীয় কারিগররা ব্যস্ত সময় পার করছে। ফজলাল মিস্ত্রি জানান, ‘বর্ষা আসার আগেই প্রায় সব নৌকাই ঠিকঠাক করে আলকাতড়া দেওয়া হয়। আর একেবারেই ভাঙাচোরা নৌকার কাঠ দিয়ে আমরা চৌকি বানায়ে বিক্রি করি। ৩ হাজার থেকে ৫ হাজার টাকার চৌকি এহানে পাওয়া যায়। এই চৌকি ৫০-৬০ বছরেও ঘুনে খায় না নষ্টও হয় না।’  উপজেলার আমিনপুর বাজার বাসস্ট্যান্ডের আশরাফুল ইসলামের কারখানায় দেখা যায় নৌকা তৈরির ব্যস্ততা।  তিনি বলেন, কম দামের নৌকা তৈরিতে জল কড়ই, ডেম্বুল, কদম ইত্যাদি কাঠ ব্যবহার করা হয়। যার দাম পরে ২ হাজার ৫০০ থেকে সাইজ অনুসারে ৬ হাজার টাকার নৌকা তৈরি হচ্ছে। আর প্লেনসিটের তৈরি নৌকা ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে এবার করোনার জন্য এনজিও বন্ধ থাকায় টাকার অভাবে বেশি করে কাঠ কিনে নৌকা বানাতে পারেননি বলে জানান তিনি। নৌকা কিনতে আসা চরনাগদাহ চরের বাসিন্দা শেখ আলী জানান, দুই সপ্তাহ আগেই নৌকা কিনার দরকার আছিল এহন না কিনে আর পারছি না। গরুর ঘাস কাটা মাছ ধরা ও পারাপারের জন্য নৌকা কিনতে আসছি। নৌকা ছাড়া বর্ষায় আমরা অচল।