মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের মেরিন ড্রাইভে নতুন স্লুইসগেটটি বন্ধ থাকায় পানিতে নিমজ্জিত হয়ে শতশত একর জমির সবজিখেত নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এমন অনাকঙ্ক্ষিত জলাবদ্ধতার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় হাজারো কৃষক।
সাহেরখালী ইউনিয়নের উপকূলীয় এলাকার কৃষক মো. বাহার উদ্দিন, শাহাব উদ্দিন ও মো. সাইফ উদ্দিন চৌধুরীসহ কয়েকজন বলেন, গত কয়েক দিনের সামান্য বৃষ্টিপাতেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত একর জমির বিক্রির উপযোগী সবজি নষ্ট হয়ে গেছে। সাহেরখালী খালের ওপর মেরিন ড্রাইভে নবনির্মিত ৬ নম্বর স্লুইসগেটটি বন্ধ থাকায় অসময়ে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। তারা আরো বলেন, পুরোদমে বৃষ্টি শুরু হওয়ার আগে স্লুইসগেটটি এখনি কার্যকর করা না হলে এই এলাকার মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, দ্রুত নতুন স্লুইসগেটটি দিয়ে পানি নামার ব্যবস্থা না করলে বর্ষা মৌসুমে উপজেলার সাহেরখালী, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর, খইয়াছড়া ও মঘাদিয়া এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়বে।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা অম্বরীয় মজুমদার জানান, নতুন নির্মিত স্লুইসগেটটির সব দরজা বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে কৃষকের সবজিখেতে বিশাল ক্ষতি হয়েছে। বিষয়টি আমি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের জানিয়েছি। আশা করছি, তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, জলাবদ্ধতার ব্যাপারে আমি বেজা, চায়না হারবার ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন।
