বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মেস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৪১

করোনা ভাইরাসের মধ্যে মেস ভাড়া পরিশোধ নিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েই চলছে। গত মার্চ মাস থেকে অধিকাংশ শিক্ষার্থীর টিউশন কিংবা খণ্ডকালীন চাকরি বন্ধ হওয়ায় মেস ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অপর দিকে মেস ভাড়া পরিশোধের জন্য শিক্ষার্থীদের ওপরে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে অনেক মেস মালিকের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক নবীনবাগে বসবাসরত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের মেসের মালিক প্রতিনিয়ত ফোন দিয়ে ভাড়া চাচ্ছেন। বলছেন, হয় ভাড়া দাও, না হয় এখনই মালামাল নিয়ে যাও। এ সময়ে মেস কিংবা বাসা ভাড়ার টাকা জোগাড় করা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে আখ্যা দিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে মেস ভাড়ার সমস্যা সমাধানের জন্য গত ৭ মে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি এলাকার মেস ভাড়া ইতিমধ্যে ৪০ শতাংশ মওকুফের ব্যবস্থা করা হয়েছে।