দক্ষিণ চীন সাগর চুক্তি নিয়ে মুখোমুখি চীন ও ভিয়েতনাম

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০৭

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা প্রশমিত করতে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একটি নতুন চুক্তি হওয়ার কথা রয়েছে। এ চুক্তিতে ভিয়েতনাম এমন কিছু দাবি উত্থাপন করতে যাচ্ছে, যা চীন নাও রাজি হতে পারে। এ নিয়ে দেশ দুইটির মধ্যে কঠিন দরকষাকষি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আসিয়ান কোড অব কন্ডাক্টের (সিওসি) আলোচনার খসড়া থেকে জানা গেছে, গত কয়েক বছরে বিরোধপূর্ণ সমুদ্রপথে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনসহ যেসব কার্যক্রম চালিয়েছে চীন, সেগুলোকে নতুন চুক্তিতে বেআইনি ঘোষণার দাবি জানাতে যাচ্ছে ভিয়েতনাম। প্রসঙ্গত, ২০১৩ সালে পূর্ব চীন সাগরে একতরফাভাবে ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’ স্থাপনের ঘোষণা দেয় চীন। খসড়া থেকে জানা গেছে, এ ধরনের নতুন কোনো জোন স্থাপনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাবে হ্যানয়।

এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিজেদের সামুদ্রিক সীমানা ফিরে পাওয়ার দাবি জানাতে যাচ্ছে ভিয়েতনাম। এ দাবির মাধ্যমে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত বাণিজ্য রুট ‘নাইন-ড্যাশ লাইনের’ বিষয়ে দাবি উত্থাপন করবে ভিয়েতনাম। যদিও চীন দাবি করেছে, এ রুটটি তাদের।

সিঙ্গাপুরভিত্তিক দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ ইয়ান স্টোরি জানান, ‘চীন ও ভিয়েতনামের মধ্যে খুবই আগ্রহ-উদ্দীপক কিছু বিনিময় হবে বলে আশা করা যায়। ভিয়েতনাম চীনের এমন কিছু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাতে যাচ্ছে, চীন যেগুলো ১০ বছর ধরে পরিচালনা করছে।’