চুয়াডাঙ্গার দুটি গোডাউন থেকে সরকারি ১ হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর গোডাউন দুটি তাত্ক্ষণিকভাবে সিলগালা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানিয়েছেন, চাল জব্দের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি জানান, চাল জব্দের ঘটনায় মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
