ঈদের পর থেকে খুব অল্প সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলনা মহানগরীর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর ফুটপাতেও কোনো হকার অবস্থান করবে না। নগরীতে ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচলও সীমিত করা হবে। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজে আরো একটি পলিমার রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন এবং সাতক্ষীরা মেডিক্যাল কলেজেও একটি করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপন করা হবে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে খুলনা জেলা করোনা ভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভায় বলা হয়, মানুষের ভিড়, মাস্ক ছাড়া চলাচল বরদাশত করা হবে না। মাস্ক ব্যবহারের নামে নাক-মুখ উন্মুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত দূরপাল্লার গাড়িগুলোর কাউন্টার থেকে যাত্রী উঠা-নামা বন্ধ থাকবে। ১১ হতে ২৫ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা ও কার্যক্রম বাড়ানো হবে। সন্ধ্যার পর চলাচল বন্ধ থাকবে। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং জরুরি সেবা বাদে সব দোকানপাট বন্ধ থাকবে। সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন।
