চার বছরের শিশুসহ সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৫৫

চার বছরের শিশুসহ চার স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

গাংনী (মেহেরপুর) : রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আকুবপুর চটকাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খাদিজা খাতুন আকুবপুর চটকাতলা এলাকার সেলিম হোসেনের মেয়ে।

ভালুকা (ময়মনসিংহ) : গ্যাস সিলিন্ডার বহনকারী লড়ি ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে নেপাল বণিক (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেপাল বণিক ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার শুকলাল বণিকের ছেলে।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক আরোহী নিহত হয়েছেন। গতকাল উপেজলার পুড়াপাড়া বাজারের নিকটবর্তী স্থানে তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মো. আরিফুজ্জামান মিয়া (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর এক কিশোর আহত হয়েছেন। সোমবার ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম বাটিকমারী গ্রামের বাসিন্দা।