আফগানিস্তানে তালেবান হামলায় সোমবার নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৩ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে রবিবার আফগান বিমান বাহিনীর হামলায় ২৫ তালেবান সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগান কর্মকর্তাদের উদ্ধৃত করে এ সব তথ্য জানিয়েছে এএফপি, আল-জাজিরা ও সিনহুয়া।
আফগানিস্তানের সার-ই-পুল প্রদেশে টহল-চৌকিতে তালেবান সদস্যদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৩ সদস্য নিহত হন। প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ নুর রাহমানি বলেন, সোমবার রাতে সায়াদ জেলা ও প্রাদেশিক রাজধানীর বাইরে কয়েকঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। পরিষদ সদস্য মোহাম্মদ আসিফ সাদিকী বলেন, নিহতদের মধ্যে প্রদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আফগান গোয়েন্দা সংস্থার এক সদস্য, স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর কমান্ডারও রয়েছেন।
সাদিকী বলেন, হামলায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সাত ঘণ্টার বেশি সময় ধরে এ বন্দুকযুদ্ধ চলে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি। এর আগে গত মঙ্গলবারে তালেবানের হামলায় প্রাণ হারিয়ে ছিলেন আফগান নিরাপত্তা বাহিনীর আরো ১২ সদস্য।
এর আগে রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ৩৫ কিলোমিটার পশ্চিমে ওয়ার্দাক প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ওয়ার্দাক প্রদেশের সায়াদ আবেদ জেলায় চালানো বিমান হামলায় মোট ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্থানীয় তালেবানের চার কমান্ডার রয়েছে। এ অভিযানে জঙ্গিদের ছয়টি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ধ্বংস হয়। তবে এ অভিযানের বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
