আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধসহ আহত ৭

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৫৬

সাভারের আশুলিয়ায় দুই তলা আবাসিক ভবনের নিচ তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচ জন দগ্ধ ও দুই জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে কাঠগড়ার উত্তরপাড়া এলাকার মো. ইমনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ঐ বাড়ির ভাড়াটিয়া মো. লিটন, তার স্ত্রী শান্তা আক্তার, ছেলে ইমরান, লিটনের ভাই রিপন, শান্তার ভাবি ছালমা আক্তার। আহত দুই জন হলেন—ছালমার ছেলে আজিজুল ও ভাড়াটিয়া আব্দুল্লাহ। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে বিকট আওয়াজে দুই তলা আবাসিক ঐ ভবনটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আশপাশের সকলের ঘুম ভেঙে যায়। এ সময় বাড়িটির ধসে পড়া একাংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে এবং ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে দুই শিশু ও নারীসহ অন্তত সাত জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।