রাশিয়ায় আবাসিক ভবনের একাংশে বিস্ফোরণে নিহত সাত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০৮

রাশিয়ায় একটি অ্যাপার্টমেন্টে গ্যাস বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন প্রায় ৪০ জন। সোমবার ৪৮টি অ্যাপার্টমেন্ট সম্বলিত ওই ভবনের গ্যাস লিকের কারণে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য শহর উরালের ম্যাগনিতোগোর্সকোর শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ঘটনার পর সোমবার বিকালে সেখানে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আহতদের হাসপাতালে দেখতেও যান তিনি। এ সময় তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের উদ্ধারে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছেন উদ্ধার কর্মীরা। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়েভজেনি জিনিশেভ বলেন, সোমবার সন্ধ্যায় পুতিনের সঙ্গে বৈঠকে জানানো হয়েছে এখনো ৩৬ থেকে ৪০ জন আটকা পড়ে আছে।

প্রথমে নিহতের সংখ্যা চারজন বলা হলেও জিনিশেভ পরে জানান যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমাদের খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভোরতোসোবা বলেন, জীবিত কারো উদ্ধার হওয়ার সম্ভাবনা কম। সোমবার সকাল ছয়টার সময় এই দুর্ঘটনা ঘটে। তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। উল্লেখ্য, বিগত বছরগুলোতে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে রাশিয়াতে। ২০১৫ সালে একটি অ্যাপার্টমেন্টে গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন।