চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে করোনা চিকিত্সায় তালবাহানা

আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৪৪

করোনা রোগীর চিকিত্সায় চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোর পূর্ণাঙ্গ সুবিধা কাজে লাগানো যাচ্ছে না। সরকারি মনিটরিং কমিটি তাদের প্রতিদিনের চিকিত্সা সেবার রিপোর্ট দিতে বলেছে। কিন্তু প্রাপ্ত রিপোর্টের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রিপোর্টে তারা জানাচ্ছে, হাসপাতাল ও আইসিইউতে কোনো বেড খালি নেই। যদিও এতদিন তারা বলেছে আইসিইউ চালানোর জন্য চিকিত্সক পাওয়া যাচ্ছে না। চিকিত্সাধীন রোগীর বৃহত্ অংশ সন্দেহভাজন কোভিড রোগী। এক্ষেত্রে তারা চিকিত্সা নিয়ে ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মনিটরিং টিম সূত্র জানায়, বেসরকারি হাসপাতালের তথ্যের ওপর ভিত্তি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হবে। তথ্যে গরমিল পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কমিশনার গঠিত এ মনিটরিং টিমে বেসরকারি হাসপাতালের প্রতিধিনি ও বিএমএর প্রতিনিধি রয়েছেন।

কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, তাদের তথ্যের গরমিল দেখা যাচ্ছে। এখন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চালানোর জন্য এডিএমকে চিঠি দেব। তিন জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনটি টিম করে অভিযান চালানো হবে।

করোনা সেবা প্রদানের জন্য চট্টগ্রামে ২০টি বেসরকারি হাসপাতালের তালিকা করা হয়েছে। যেসব হাসপাতালে ৫০ বেডের বেশি রয়েছে তাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এসব হাসপাতালে ১২১টি আইসিইউ বেড রয়েছে। দৈনিক কতজন করোনা ও নন করোনা রোগী চিকিত্সা দিচ্ছেন ও কয়টি বেড রয়েছে তার বিস্তারিত তথ্য প্রতিদিন সকাল ১০টায় কমিটির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে গতকাল মঙ্গলবার থেকে করোনা রোগী ভর্তি শুরু হয়েছে। এখানে তিনটি আইসিইউ বেড রয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল এখনো প্রস্তুত করা হয়নি।