টোকিওর একটি জনবহুল সড়কে নতুন বছর উদযাপনরত পথচারীদের ওপর একটি চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন।
মধ্যরাতের একটু পর মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনের শুরুতেই টোকিওর ফ্যাশন হাউস সমৃদ্ধ এলাকা হারাজুকুতে ভ্যান হামলাটি চালানো হয় বলে খবর বিবিসির। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। হাসপাতালে চিকিত্সাধীন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সময় সড়কটিতে অনেক লোকজন ছিল। তাদের অধিকাংশই নতুন বছরের প্রার্থনায় যোগ দিতে একটি মন্দিরে যাচ্ছিলেন।
এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ‘খুনের পরিকল্পনা’ নিয়ে হামলাটি চালিয়েছিলেন বলে ভাষ্য পুলিশের। ২১ বছর বয়সী ওই যুবক কাজুহিরো কুসাকাব বলে শনাক্ত হয়েছেন।
