গুজবের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৪৬

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘করোনা ভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ এবং জনস্বার্থ রক্ষায় সরকার এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

ড. হাছান বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের শুরুতে সারা পৃথিবীতে ভেন্টিলেশন ইউনিটের সংকট ছিল। একারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ৬৫ বা তদূর্ধ্ব বয়সের মানুষের চেয়ে অপেক্ষকৃত তরুণদের ভেন্টিলেশন ইউনিটের মাধ্যমে চিকিত্সার অগ্রাধিকার দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের সামনে ও অন্যান্য অঙ্গরাজ্যে পিপিইর জন্য বিক্ষোভ হয়েছে। কানাডায় ও ইউরোপের বিভিন্ন দেশে মাস্কের সংকট ছিল। আমাদের দেশে এ ধরনের সংকট হয়নি। বরং দুদিন আগে বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ওষুধ, পিপিই ও অন্যান্য চিকিত্সাসামগ্রী নিয়ে গেছে নাইজেরিয়া। আমরা এসব সুরক্ষাসামগ্রী মালদ্বীপেও পাঠিয়েছি।’

এ সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অনেক সময় নানা গুজব ও অপপ্রচার দেখা যায়’ বলে উল্লেখ করেন মন্ত্রী। চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০, জেনারেল হাসপাতালে ১০০, ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০, মা ও শিশু হাসপাতালে ৫০ ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫০টি বেড ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। চট্টগ্রামের আরো কয়েকটি কমিউনিটি সেন্টারকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের জন্য সিটি মেয়রকে অনুরোধ জানান মন্ত্রী।