এখন কঠিন সময় --আহসান এইচ মনসুর

আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৫০

করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। ক্ষতির মুখে বাংলাদেশও। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত বন্ধ। কমছে আমদানি-রপ্তানি ও রেমিটেন্স আয়। হ্রাস পাচ্ছে রাজস্ব আহরণ। স্বাস্থ্যখাত বিপর্যস্ত। এমন চ্যালেঞ্জকে সামনে রেখে নতুন অর্থবছরের বাজেট ঘোষিত হবে কাল। তবে সরকার যেভাবে করতে যাচ্ছে সেটা ঠিক              হচ্ছে না। এখন বিশেষ সময়, কঠিন সময়। এ সময়ে কয়েকটি খাততে ফোকাস করে বাজেট করা দরকার। কিন্তু সেটা না করে সেই সনাতনী পদ্ধতিতে বাজেট করছে সরকার।

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এ ছয় মাসের জন্য বাজেট করা উচিত ছিল। সরকার সেটা করছে না। বাজেটে অন্যান্য বিষয় যেমন আছে তেমন রেখে দিয়ে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। যেমন, স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। যারা কর্মহীন ও দরিদ্র হয়ে পড়েছেন তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে অর্থনৈতিক পুনর্গঠনের কাজ করতে হবে। কীভাবে কঠিন সময়ে টিকে থাকা যায় সেটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুনর্গঠন দরকার। বাজেটে এই খাতের জন্য যেমন বরাদ্দ ও ভর্তুকি বাড়াতে হবে তেমনি প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়টিতে দক্ষ ও সত্ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। সরকার নতুন বছরে উচ্চপ্রবৃদ্ধির আশা করলেও করোনা দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ হলে প্রবৃদ্ধি ৪ শতাংশের বেশি  হবে না। তবে করোনা বিপর্যয় ঠেকাতে পারলে হয়তো আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৬ শতাংশ হতে পারে।