আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে তালেবানের একটি প্রতিনিধি দল ইরান সফর করেছে। দেশটিতে পৌঁছানোর পর তেহরানে দলটির সদস্যরা রবিবার ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালেবানের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৈঠকের তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। আফগান সরকারের সঙ্গে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাহরাম কাসেমি বলেন, তালেবান আফগানিস্তানের ৫০ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনার জন্য তাদের পক্ষ থেকেই ইরানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছিল।
তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ফলে দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা দূর করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে চায় তেহরান।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে কথা বলতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সফর করেন। তার এ সফরের পর ইরানে তালেবান প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
