আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য লে. কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইটি বিশেষজ্ঞ কাজী হারুন অর রশীদ মিরন, মুকুসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারসহ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসন থেকে নব নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, এফবিসিসিআই এর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ ফজলে নাঈমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করেন। এ দিন সকালে প্রধানমন্ত্রীর বিপুল বিজয়ে বঙ্গবন্ধু পরিবারের জৈষ্ঠ্য সদস্য ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। সোমবার বিকালে বঙ্গবন্ধু পরিবারের নব নির্বাচিত ৩ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল ও শেখ সারহান নাসের তন্ময় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে তারা বঙ্গবন্ধুর পিতা শেখ লুত্ফর রহমান ও মাতা শেখ সাহেরা খাতুনের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের রুহের শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন। এছাড়া গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমানের নেতৃত্বে শিক্ষকরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
