ইচ্ছেকৃতভাবে লার্ভি সাইডিংয়ের কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পদ নষ্ট করার দায়ে মশক শ্রমিক রাজন দাসকে বরখাস্ত করা হয়েছে। তিনি অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে ডিএসসিসিতে কর্মরত ছিলেন। অন্যদিকে মশক নিধন কার্যক্রম সুপারভাইজারের দায়িত্ব পালনে অবহেলার কারণে অঞ্চল-২-এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবরে কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। wmwU করপোরেশনের সূত্রে Rvbv hvq, গত ৭ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বছরব্যাপী সমন্বিত মশক নিধন’ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভি সাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশ প্রদান করলেও তিনি সে সময় অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভি সাইডিংয়ের জন্য ব্যবহূত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে করপোরেশনের সম্পদ বিনষ্ট করেন। পরবর্তী সময়ে এ বিষয়ে করপোরেশনের মেয়র তাপসের কাছে অভিযোগ করা হলে মেয়র অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজনকে বরখাস্ত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
