আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সরকার ও চিকিত্সকদের নির্দেশ মেনে চললে সংক্রমণ আরো কম হতো। এখন বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ভাইরাস থেকে কীভাবে মানুষ মুক্তি পাবে। উন্নত বিশ্বের মতো আমরাও বড়ো একটি দুর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। দিন দিন সংক্রমণ বাড়ছে, তবে সরকার ও চিকিত্সকদের নির্দেশ মেনে চললে সংক্রমণের হার এত হতো না।
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আয়োজনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমরা যদি নিরাপত্তাকে অগ্রাধিকার দেই তাহলে সংক্রমিত হওয়ার সুযোগ নেই। এটি কঠিন কাজ নয়। মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা এবং নাকে মুখে যতটা সম্ভব হাত না দেওয়া, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব যদি রাখতে পারি তাহলে আমরা করোনার সংক্রমণ বন্ধ রাখতে পারি।
তিনি আরো বলেন, এই দুর্যোগ মেকাবিলা করতে শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মানুষ যাতে খাদ্য, চিকিত্সায় কষ্ট না পায়—সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি জানান, অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় করা হবে। তিনি আরো জানান, প্রথমে বিভাগভিত্তিক এবং পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়নপর্যায়ে উদ্যোগ নেওয়ারও পরিকল্পনা রয়েছে ।
