হাবিবুর রহমানকে হত্যার হুমকিতে ক্র্যাবের নিন্দা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:১১

দৈনিক জনতার অপরাধ বিভাগের প্রধান ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমানকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। হুমকিদাতা হারুন অর রশিদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, একজন পেশাদার সাংবাদিককে বিভিন্ন মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় সন্ত্রাসী হারুন অর রশিদ নানা মাধ্যমে হাবিবুর রহমানকে হুমকি দিয়ে আসছে। এতে তিনি পরিবারসহ আতঙ্কের মধ্যে রয়েছেন। এ বিষয়ে জিডি করা হলেও জড়িতদের এখনও গ্রেফতার না করে পুলিশ যে নিস্ক্রিয়তার  পরিচয় দিয়েছে- তা আমাদের উদ্বিগ্ন করেছে।

গত ২৭ ডিসেম্বর হাবিবের মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি প্রদান করেন স্থানীয় সন্ত্রাসী হারুন অর রশিদ। এছাড়াও তার চলার পথে সন্ত্রাসীদের দিয়ে তাকে অনুসরণ করা হচ্ছে বলে ফোনে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর উত্তরখান ও দক্ষিণখান থানায় পৃথক দুটি জিডি করেছেন সাংবাদিক হাবিবুর রহমান।