চলমান করোনা ভাইরাসের এ বৈশ্বিক মহামারিতে শিল্প কারখানার মালিকদের আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে ‘স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকার’ চূড়ান্ত অনুমোদন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরকারের কাছ থেকে প্রণোদনার আওতায় ঋণ সুবিধা পাওয়ার পরও চলতি মাস থেকে গার্মেন্টস খাতে শ্রমিক ছাঁটাই শুরু হওয়ার কথা জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। এর পরই এর বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। কারখানা মালিকদের এমন অবস্থানের প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলো মিছিল সমাবেশ করেছে। এছাড়া শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে (ডিআইএফই) চিঠি পাঠিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।
