ভারত ও চীনের মধ্যে সীমান্তে উত্তেজনা কমেছে। গতকাল দুই দেশই লাদাখ সীমান্ত থেকে কিছু সংখ্যক সেনা প্রত্যাহার করেছে। আজ বুধবার দুই পক্ষের মধ্যে আলোচনার আগেই সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলো। সরকারি সূত্র জানিয়েছে, লাদাখের বেশ কিছু গুরুত্বপূর্ণঁ এলাকায় সেনাবাহিনী পর্যায়ের আলোচনা হবে। সেই আলোচনার আগে উল্লেখযোগ্য সংখ্যক চীনা সেনা সরানো হয়। প্যাংগোং সো ছাড়া, চীনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে বলে জানিয়েছে সূত্রটি। উল্টোদিকে শীর্ষ সূত্রের খবর, ভারতের পক্ষ থেকেও তাদের কিছু সংখ্যক সেনাহবাহিনী ও যানবাহন ঐ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। চীনের সৈনিকদের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যেই চুসুলে গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দল। সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, যতো দ্রুত সম্ভব চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত। পূর্ব লাদাখে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নিয়ে শনিবার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। -এনডিটিভি
