সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালের ৬০তম জন্মদিন আজ। বাংলাদেশের সমাজবাস্তবতাকে তিনি তুলে এনেছেন তার লেখায়। মোহিত কামালের জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপে। তাঁর বাবার নাম আসাদুল হক এবং মায়ের নাম মাসুদা খাতুন। তাঁর লেখালেখির মুখ্যবিষয় উপন্যাস ও গল্প; শিশুসাহিত্য রচনার পাশাপাশি মনস্তত্ত্ব ও গবেষণা। লেখকের উপন্যাস স্কলাস্টিকা স্কুলের গ্রেড সেভেনে ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি কর্তৃক নির্বাচিত হয়েছে।
পেশায় তিনি মনোচিকিত্সক, মনোশিক্ষাবিদ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক এবং সাইকোথেরাপি বিভাগের প্রধান। ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলোশিপ প্রোগ্রামে বিশ্বের প্রথম সেরা ফেলো হিসেবে কৃতিত্ব অর্জন। লেখকের মানব মনের উদ্বেগ ও বিষণ্নতা বইটি ২০১২ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘সাইকোলজি, কাউন্সেলিং অ্যান্ড গাইডিং’ বিষয়ক পাঠ্যসূচির সহায়ক গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যন্ত লেখকের ১৭টি উপন্যাস ও ১০ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া কিশোর উপন্যাস ও অন্যান্য গ্রন্থ মিলে বইয়ের সংখ্যা ৪৮। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, এ-ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড, বেগম রোকেয়া সম্মাননা পদক, স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার, ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার, এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার এবং অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। -প্রেস বিজ্ঞপ্তি
